সম্পত্তি বিরোধ মিটে ৩০ ঘণ্টা পর বাবার দাফন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে প্রায় ৩০ ঘণ্টা আটকে থাকার পর এক বৃদ্ধের দাফন সম্পন্ন হয়েছে। লিখিত সমঝোতা ও উভয় পক্ষের স্বাক্ষরের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তির ভাগাভাগি নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় আজিজার রহমান বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে আবদুল হাকিম সম্পত্তির সমবণ্টনের দাবি জানিয়ে দাফনে আপত্তি জানান। ফলে বেলা ১১টার নির্ধারিত জানাজা স্থগিত হয়ে যায়। কাফন পরানো মরদেহ বাড়ির উঠানে রাখা থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দিনভর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সন্ধ্যার পরও সমাধান না হওয়ায় পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত ১০টার দিকে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়— বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই আট শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের জন্য বরাদ্দ থাকবে। পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় তদারকির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করে উভয় পক্ষ স্বাক্ষর করার পর রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।