বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ

সপ্তাহজুড়ে নৌ পুলিশের অভিযান: অবৈধ জাল জব্দ, আটক ১৬৩

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৩ জনকে আটক করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া ৩ হাজার ৬৬৪ কেজি মাছ ও ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। একই সময়ে নদী থেকে ৪৮৪টি অবৈধ ঝোপঝাড় অপসারণ করা হয়, যা মাছের স্বাভাবিক প্রজননে বাধা সৃষ্টি করছিল।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩৯টি মৎস্য আইন, ৫টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল, ১টি মাদক, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলা রয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৪৩টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।

জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত বৈধ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো