পর্যটন বোর্ডের নতুন সিইও মুতাসিম বিল্লাহ
বিডি মেইল ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যরিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত এবং পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা ব্যরিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
