মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

কুবির নৈশপ্রহরীর ছেলে সিয়াম বাঁচতে চায়

কুবি প্রতিনিধি:

অর্থাভাবে নিভে যেতে বসেছে তৌহিদুল ইসলাম সিয়াম (১৭)-এর জীবনপ্রদীপ। মাত্র এক মাস আগে শরীরে ছোট একটি চুলকানির সমস্যা দিয়ে শুরু হলেও বর্তমানে তা ভয়াবহ চর্মরোগে রূপ নিয়েছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচন ধরেছে। দিন দিন অবস্থার অবনতি হলেও অর্থ সংকটে বন্ধ হয়ে আছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা। এখনো শনাক্ত হয়নি রোগটির সুনির্দিষ্ট কারণ কিংবা নাম। বর্তমানে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার। ঠিকমতো খাবারও খেতে পারছেন না তিনি।

জানা গেছে, সিয়ামের বাবা নুর ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এর নির্মাণাধীন বর্ধিত ক্যাম্পাসে দারোয়ান হিসেবে কর্মরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পরিবারে রয়েছেন সিয়ামের মা শাহিনা বেগম ও ভাই কাউসার। সীমিত আয়ে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

সিয়ামের মা শাহিনা বেগম ছেলের জীবন বাঁচাতে সমাজের সহানুভূতিশীল মানুষের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আজ ২৪ দিন ধরে আমার ছেলে এ অবস্থায় পড়ে আছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচে গেছে। শুরুতে কয়েকটি ফোস্কা ছিল, পরে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সপ্তম দিনে হাসপাতালে নিয়েছিলাম। সেখানে ৬ দিন ভর্তি ছিল। প্রতিদিন সিট ভাড়া ছিল ৩ হাজার টাকা। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর চুলকানি আরও বেড়ে যায়। তাই বাড়িতে নিয়ে এসেছি। এখন টাকার অভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছি না। আমার কিছুই নেই। সবার সন্তানের জন্য আমি দোয়া করি, আপনারা আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করুন।”

পরিবারটির দাবি, দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা না গেলে সিয়ামের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

সাহায্য পাঠাতে, কাউসার (রোগীর ভাই) বিকাশ নম্বর: 01878642841

আরো