বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদ হবে গ্রেড-১০-এর নন-ক্যাডার পদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার ৬ আগস্ট ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সাংগঠনিক, কাঠামোতে ৪ হাজার এসআই (গ্রেড-১০) নন-ক্যাডার পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।
এর আগে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিও নেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে এসব পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এটি পদ সৃষ্টির অনুমোদনের খবর; এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। পরবর্তী সময়ে নিয়োগের শর্ত, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য উল্লেখ করে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ফলে আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
