রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন কার্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা নিশ্চিত করতে রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিসে যায়। প্রতিনিধিদলে ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।

পরিদর্শনকালে বিসিবি প্রতিনিধিদল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাতে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। খেলোয়াড়ি জীবনে তিনি ক্রিকেটের বিভিন্ন আয়োজনে ওয়ালটনের নিয়মিত পৃষ্ঠপোষকতা দেখেছেন বলেও জানান।

তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আয়োজনে ওয়ালটন নিয়মিতভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)-এর সব ফরম্যাট—লংগার ভার্সন, ওয়ানডে ও টি-টোয়েন্টি—বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে ওয়ালটনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তামিম ইকবাল আরও বলেন, ‘‘আমরা বিসিএল ও এনসিএলের মতো টুর্নামেন্টগুলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করতে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানে একটি দল হিসেবে নিজেদের উপস্থিত করবে।’’

ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠা করা এবং ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করাই তাদের লক্ষ্য। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ওয়ালটন শুরু থেকেই ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে। ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা রয়েছে। ভবিষ্যতেও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘‘যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন।’’ গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, বিসিবির নতুন পরিকল্পনা বাস্তবায়নে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ ঢাকা প্রিমিয়ার লীগ ও জাতীয় ক্রিকেট লীগে টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। এছাড়া প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) টানা নয় বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবেও যুক্ত ছিল প্রতিষ্ঠানটি।

আরো