মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

অবসরে মেসি, স্ত্রী রোকুজ্জোর আবেগঘন চিঠি

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনায় আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক তার বিদায়ের ঘোষণা দিয়েছেন। তারপরই তার সতীর্থ থেকে শুরু করে মা সেলিয়া হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা জানিয়েছেন। এবার মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও তাকে উদ্দেশ্য করে হৃদয়ের অনুভূতি জানিয়ে তাকে চিঠি লিখেছেন।

কান্না কিংবা স্মৃতিচারণ নয়, মেসির স্ত্রী এই মুহূর্তকে গ্রহণ করেছেন হাসি দিয়ে এবং স্মরণ করেছেন জাতীয় দলের সঙ্গে তার মুহূর্তগুলোর কথা, যেখানে ছিল উত্থানপতন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোকুজ্জোর বার্তার শুরুতে ছিল, ‘এভাবে এই অধ্যায় তোমাকে শেষ করতে দেখে কী যে গর্ব হচ্ছে। অনেক অনেক বছর, অনেক মুহূর্ত, কত আনন্দ এবং অনেক ধাক্কাও ছিল।’ তিনি বলে গেলেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে ও পড়ে যেতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনো কিছু তোমার অনুকূলে ছিল না তখনও তুমি হাল ছাড়নি এবং সবসময় আবার চেষ্টা করেছ। আমি যথেষ্ট ভাগ্যবতী ছিলাম যে, বহু বছর পর আমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি এবং আমাদের জীবনের কিছু সুখের মুহূর্তের অভিজ্ঞতাও হয়েছে।’

মেসির প্রত্যেক জয় উদযাপন এবং বেদনাদায়ক হারের পর তার সঙ্গেই ছিলেন পরিবার। সবসময় পরিবারের সদস্যদের সঙ্গে পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সম্প্রতি বাবা হোর্হে মেসির মৃত্যুতে তার জীবনে বড় ধাক্কা লাগে। এজেন্ট হিসেবে সবসময় তিনি ছেলের পাশে ছিলেন। রোকুজ্জো জানালেন, বাবার মতোই মেসি তার তিন সন্তানের জন্য দারুণ দৃষ্টান্ত তৈরি করে গেছেন।

মেসির সহধর্মিনী লিখেছেন, ‘এই গল্পের এমন একটি বিষয় আছে, যেটা আমাকে নাড়া দেয়: আমাদের সন্তানরা এগুলো সরাসরি দেখে বড় হচ্ছে। তারা তাদের বাবাকে সে যা চেয়েছিল সেটার জন্য লড়াই করতে দেখেছে, কখনও হাল না ছাড়তে এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে দেখেছে। তারপর তারা তাকে সবকিছু অর্জন করতে ও বিশ্বকাপ জিততে দেখল।’

রোকুজ্জোর বিশ্বাস, এখনও বুঝে উঠতে না পারলেও মাঠে মেসি কী অর্জন করেছেন, সেটার গুরুত্ব একদিন বুঝতে পারবে তার তিন সন্তান থিয়াগো, চিরো ও মাতেও। তিনি লিখেছেন, ‘হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে এই গল্পের বিশালতা। আজ তারা তাদের বাবাকে নিয়ে শুধুই গর্বিত।’

শেষটা মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি, ‘এবং আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার পথচলার জন্য, তুমি যা জয় করেছ তার জন্য, সর্বোপরি এসব মুহূর্তের নেপথ্যে যে মানুষটা ছিল তার জন্য। তোমার সঙ্গে থেকে এই সব অভিজ্ঞতা অর্জন করা কী যে সৌভাগ্যের ব্যাপার। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি।’

আরো