আর্জেন্টিনার ৩ ম্যাচ, শেষবার খেলবেন মেসি?
২০২৬ বিশ্বকাপের আলোচনা এখথন অনেকটাই শেষ। দলগুলোর পরিকল্পনায়ও ২০৩০ বিশ্বকাপ। সেটার অংশ হিসেবে প্রথমবার মাঠে নামছে বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা। আসন্ন সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই তিন ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু আর তারিখ ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ওলে জানিয়েছে, আর্জেন্টিনা সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোর তিনটি ম্যাচই খেলবে ঘরের মাঠে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার এই উইন্ডো।
ওলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কর্ডোবায়। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে খেলবে বুরকিনা ফাসো আর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে এই ম্যাচগুলো নিয়ে এখন ফিফার অনুমোদনের অপেক্ষায় এএফএ। ওলে জানিয়েছে, মঙ্গলবার দুপুরে এএফএ আনুষ্ঠানিকভাবে প্রতিপক্ষ, ম্যাচের ভেন্যু আর ম্যাচের দিন ঘোষণা করবে। তবে এই ম্যাচগুলো ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ফিফা।
তবে ম্যাচগুলো যদি শেষ পর্যন্ত ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পায় তাহলে এই ম্যাচে খেলতে পারবেন না বিশ্বকাপ শেষে হাতাহাতিতে জড়িয়ে নিষিদ্ধ হওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। একই সঙ্গে এই ম্যাচগুলো প্রভাব খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে।
সবকিছু চূড়ান্ত না হওয়ায় এখনো এই ম্যাচগুলোর জন্য স্কোয়াড ঘোষণা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অবশ্য আর্জেন্টিনার সঙ্গে তার যাত্রা নিয়েও আছে সংশয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ আছে তার। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে তাকেই চাইছে এএফএ। তবে এখনো ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি স্কালোনি।
মেসি কী ফিরবেন আরেকবার?
বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এভাবে তাকে বিদায় দিতে চায় না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঘরের মাঠে দর্শকদের সামনে একটি ম্যাচ খেলিয়ে সম্মান জানিয়ে বিদায় দিতে চান তাকে। ফলে সমর্থকরা আশায় আছেন তিন ম্যাচের মধ্যে কোনো একটি ম্যাচে অন্তত মেসিকে শেষেবার মাঠে দেখায়।
