শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ ঘোষণার কারণে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল। এর মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর খুলে দেওয়া হয়েছে রানওয়ে। এরপর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকার কারণে নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষমাণ অবস্থায় ছিল। রানওয়ে খুলে দেওয়ার পর প্রথম ওই ফ্লাইটটি অবতরণ করে। পরে একে একে ফ্লাইট অবতরণ শুরু হয়।

এর আগে, ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৯৬ ফ্লাইটটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণ করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে এটি অবতরণ করে।

এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।

আরো