মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার সভাপতি হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার
বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্ব দেবেন তিনি।
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন প্রতিষ্ঠানটি ২০১৮ সালে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিশেষায়িত প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
রোববার (১ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁওয়ে বাজিতপুর-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নাসরুল আনোয়ারের কাছে সভাপতির দায়িত্বভার অর্পণ করা হয়।
এ সময় মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ক গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৮ সালে কিশোরগঞ্জ জেলার বিশেষায়িত শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র। ২০২৩ সালে বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করে। ২০২৪ সালেও সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে।
এ ছাড়া গত প্রায় এক দশকে এ প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষার্থী মূলধারার বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। পাশাপাশি প্রায় ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
নবনির্বাচিত সভাপতি নাসরুল আনোয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশেষ কোনো দায়িত্ব ছাড়াই প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে এতদিন কাজ করে আসছি। আজ নতুন দায়িত্ব পাওয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার কাজে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার আগ্রহ বেড়ে গেল।’
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, উপকরণ এবং চাহিদাভিত্তিক থেরাপি সেবা দিয়ে থাকে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম করে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য। নাসরুল আনোয়ার ভাই দীর্ঘদিন ধরে এসব কার্যক্রমে নিরলসভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতাই তাঁকে প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করতে আমাদের অনুপ্রাণিত করেছে।’
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ক গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে নাসরুল আনোয়ার সরাসরি সম্পৃক্ত রয়েছেন। প্রতিবন্ধীবান্ধব সাংবাদিকতায় তিনি পুরস্কারও পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় অবদান বিবেচনা করেই তাঁকে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার সভাপতি নির্বাচিত করা হয়েছে।’
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহের সুপ্রাচীন পৌরশহর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বসন্তপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক এ কে মতিউল ইসলাম ভূঁইয়ার সন্তান নাসরুল আনোয়ার। তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
