নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
বিডি মেইল ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে, যৌথ গবেষণা ও শিক্ষাবিনিময়কে উৎসাহিত করতে এবং স্বাস্থ্যবিজ্ঞানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগ এগিয়ে নিতে ১০ নভেম্বর ২০২৫ (সোমবার) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুল আলম; প্রশাসন বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ; গবেষণা ও উন্নয়ন বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান হাওলাদার; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাহরিন আখতার; রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম; প্রক্টর ড. শেখ ফরহাদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য অংশগ্রহণকারীরা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; রিসার্চ অসিফের পরিচালক ড. নরম্যান সোয়াজো; এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. সিনথিয়া ম্যাককিনি; গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর সহকারী পরিচালক ড. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও অধ্যাপক দীপক কুমার মিত্র বক্তব্য দেন। তাঁরা বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের জন্য গবেষণার সুযোগ বৃদ্ধি, একাডেমিক বিনিময় ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁদের বক্তব্যে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে অবদানের সম্ভাবনা তুলে ধরা হয়।
ড. মোহাম্মদ মনির উদ্দিন এক উপস্থাপনায় সহযোগিতার মূল ক্ষেত্র, সম্ভাব্য গবেষণা পথনির্দেশ ও ভবিষ্যৎ আন্তঃবিষয়ক প্রকল্পের অভিন্ন ভিশন তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় এই সমঝোতা স্মারকটি উভয় প্রতিষ্ঠানের একাডেমিক মূল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এই অংশীদারিত্ব উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উদ্ভাবন, জ্ঞানবিনিময় এবং দেশের শিক্ষাক্ষেত্রের ধারাবাহিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।