মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ

দুর্নীতির অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইওর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনে সম্প্রতি একজন উপসহকারী পরিচালককে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, ২০২০ সালের নভেম্বর মাসে মো. কাজিম উদ্দিনকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে নিয়োগের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন করা হয়। পরবর্তীতে আইডিআরএ তাকে ২০২০ সালের ১ নভেম্বর থেকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়। মেয়াদ শেষে একই শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে তার নিয়োগ নবায়ন করা হয়।

তবে বর্তমানে তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতেই দুদক অনুসন্ধানে নেমেছে বলে জানা গেছে।

অভিযোগ সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, মো. কাজিম উদ্দিন ১৯৮৪ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৮৬ সালে কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেসা সরকারি মহাবিদ্যালয় থেকে একই বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।

দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে বিবিএ এবং ২০১৯ সালে এমবিএ ডিগ্রি অর্জনের সনদ জমা দেন, যা ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ থেকে প্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন, প্রশাসনিক অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা ও শিক্ষার মানসংক্রান্ত গুরুতর ত্রুটির অভিযোগে ২০০৬ সালেই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল। যদিও বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত বর্তমানে স্থগিত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও জবাব দেননি তিনি।

আরো