রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণই, আর জনগণ যে সরকারকে বেছে নেবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রদূত। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষ অবলম্বন করে না। কোন সরকার ক্ষমতায় আসবে, সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের জনগণের।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত অবহিত করেছেন। এ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের সিনেটে তার নিশ্চিতকরণ শুনানির সময় থেকেই তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন। “আমি নির্বাচনের দিনটির দিকে তাকিয়ে আছি এবং এর ফলাফল দেখার অপেক্ষায় আছি,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করার প্রত্যাশার কথা জানতে পেরেছেন। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি চান এমন একটি নির্বাচন হোক যেখানে জনগণ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে।

তবে জাতীয় নির্বাচন সংক্রান্ত অতিরিক্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কোনো মন্তব্য না করে ‘সরি’ বলে স্থান ত্যাগ করেন।

আরো