চট্টগ্রাম বিমানবন্দরে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
বিডি মেইল ডেস্ক
শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, তল্লাশির সময় ব্যাগেজ থেকে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেট শুল্ক-কর পরিশোধ না করে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল।
আটক করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পণ্যটির মোট করভার ৬২১ দশমিক ৬৩ শতাংশ। এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।