শাহ আমানতে স্বর্ণের ক্যাপসুল, আটক যাত্রী
বিডি মেইল ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গোপন সংবাদের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের এক যাত্রীকে শনাক্ত করা হয়। শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে ফ্লাইট নম্বর G9-526-এ আসা ভারতীয় নাগরিক থামিম আনসারি গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাঁকে তল্লাশি করা হয়।
এ সময় তাঁর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে সিআইআইডি।
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।