বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

ফিফা সভাপতির বিরুদ্ধে নতুন অভিযোগ

বিডি মেইল ডেস্ক

ফুটবল বিশ্বকাপের মতো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টকে ‘বেসরকারিকরণ’ বা অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এজন্য তিনি ২১১টি সদস্য দেশকে বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। তবে দেশগুলোর প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা বাতিলে বাধ্য হন ইনফান্তিনো। এবার তার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন।

দেশটির ফুটবলে বিদ্যমান সমস্যা সমাধানে ফিফা সভাপতি ইনফান্তিনো সাহায্যের প্রস্তাব দেন বলে দাবি জর্ডানের। অথচ বিশ্বকাপ চলাকালে কয়েক মাস নাকি তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জর্ডানের ফুটবল প্রধান আলি বিন হুসেইন বেশকিছু অভিযোগ তুলেছেন।

আলি বিন হুসেইন লিখেছেন, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাহায্য করা হবে। অথচ এর আগে বিভিন্ন বিষয়ে তারা সমাধান দিতে অস্বীকৃতি দিয়েছিল। জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে গর্ববোধ করি। আমরা আগেও তাকে (ইনফান্তিনো) সমর্থন করিনি এবং এখনও করব না। কিন্তু পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের শামিল এবং এর কাছে আমরা নতি স্বীকার করব না।

এ ছাড়া আরও কিছু অভিযোগ তুলে জর্ডানের ফুটবল প্রধান বলছেন, বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সত্ত্বেও ভক্তদের ‘টিকেটের জন্য বাড়তি অর্থ’ প্রদান এবং ফিফা আয়োজিত ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের অর্থ না পায়নি তারা। বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তার অ্যাসোসিয়েশনকে কর বাবদ ‘বিপুল খরচের’ সম্মুখীন হতে হয়েছে, যে খরচ কানাডা ও মেক্সিকোতে অবস্থান করা দলগুলোকে বহন করতে হয়নি।

গত ডিসেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থ পেতে অপেক্ষা করছে জর্ডান। এ নিয়ে বিন হুসেইন বলছেন, ‘ফাইনালে ওঠায় আমাদের দলের যে অর্থ পুরস্কার পাওয়ার কথা, তা এখনও দেওয়া হয়নি, অথচ একই সময়ে ফিফা তাদের রিজার্ভে কত বিলিয়ন আছে, তা নিয়ে বড়াই করে।’

প্রসঙ্গত, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ে ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে কয়েক দিনের তীব্র সমালোচনার উয়েফার ৫৫টি সদস্য দেশ সব ধরনের ফিফা প্রতিযোগিতা বয়কটের হুমকি দেয়। সেই তালিকায় পরে আরও ৪১ দেশ যুক্ত হয়, ক্রমান্বয়ে সমর্থন হারাতে থাকায় ইনফান্তিনো শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন।

আরো