শহীদ পরিবারের দায়িত্ব নেবে সরকার: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার থাকবে। তাদের চিকিৎসা, কল্যাণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সরকার কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ অনুষ্ঠানে রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
পরে জুলাই স্মৃতিস্তম্ভে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ নানা শ্রেণি- পেশার মানুষ শ্রদ্ধা জানান।