শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

বিগত ১৭ বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‍‍“বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমন একটি সময় গেছে, যখন পরীক্ষার খাতায় কিছু লিখলেই পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। এভাবে শিক্ষার মান নষ্ট করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থাকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ”

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি না করে শুধু পরীক্ষায় পাস করানোর ব্যবস্থা করা হলে জাতি মেধাশূন্য হয়ে পড়ে। বিগত ১৭ বছর শিক্ষার প্রকৃত মানোন্নয়নের পরিবর্তে বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, তাদের জ্ঞান, মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন নির্ভর করছে আজকের শিক্ষার্থীদের ওপর। তাই শিক্ষার্থীদের গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তোমরা যারা ভালো ফলাফল করেছ, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে করেন। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো