এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় সকাল ৮টা থেকে ৯:৩০-এর মধ্যে প্রবেশ বাধ্যতামূলক
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯:৩০-এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।
পরীক্ষার্থীরা রঙিন প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড এবং কালো কালির স্বচ্ছ বলপেন একটি স্বচ্ছ ব্যাগে নিয়ে প্রবেশ করতে পারবেন। অন্য যেকোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও ইলেকট্রনিক সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ।
এবার লিখিত পরীক্ষায় ১০০টি এমসিকিউ থাকবে—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাশ নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।
চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে মোট ৫,৬৪৫টি এবং বেসরকারিতে ৭,৪০৬টি মিলিয়ে মোট আসন ১৩,০৫১। এমবিবিএস আসন ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ১,২২,৬৩২ জন—এদের মধ্যে ৪৯,০২৮ জন ছেলে ও ৭৩,৬০৪ জন মেয়ে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে—এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।