স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রায়োরিটি ক্লায়েন্টদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা চালু
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের প্রায়োরিটি ক্লায়েন্টদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার নতুন সুবিধা চালু করেছে। আইএইচএইচ হেলথকেয়ার ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে সাম্প্রতিক চুক্তির অংশ হিসেবে রাজধানীর লেকশোর হোটেলে ‘প্রায়োরিটি ক্লায়েন্ট হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেমিনার’-এ এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
এই নতুন সহযোগিতার ফলে প্রায়োরিটি গ্রাহকেরা এখন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিশেষ মেডিকেল প্যাকেজ এবং ভর্তি-সংক্রান্ত বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড়সহ উন্নত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
সেমিনারে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেল ব্যাংকিং লুৎফুল হাবিব, হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল হকসহ অন্যান্য কর্মকর্তারা। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর থেকেও শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, প্রায়োরিটি গ্রাহকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ব্যাংকিংয়ের বাইরে গিয়ে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার এই উদ্যোগ তাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।
সেমিনারে ড. পিপিন কোদোজোজো হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে মূল বক্তব্য প্রদান করেন। আইএইচএইচ হেলথকেয়ারের কর্মকর্তারা জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এই অংশীদারিত্ব রোগীদের চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
স্বাস্থ্যসেবার প্রতি ব্যাংকের আগের উদ্যোগগুলোর ধারাবাহিকতায় এই নতুন সেবা গ্রাহকদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যতের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।