সিবিএমএসে শতভাগ অনলাইনে ইউপি সেবা শুরু
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (CBMS) সফটওয়্যারের মাধ্যমে Utilization Permission (UP) সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা প্রদানের যাত্রা শুরু করেছে। ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণ ও প্রদান বাধ্যতামূলকভাবে সিবিএমএস সফটওয়্যারের আওতায় আনা হয়েছে।
এ লক্ষ্যে এরই মধ্যে এনবিআর একটি পরিপত্র জারি করে এবং এর অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সব ইউপি অনলাইনে ইস্যু কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে আজ থেকে ইউপি সংক্রান্ত ম্যানুয়াল আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে অনলাইনভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সিবিএমএস নামের স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করে। এই সফটওয়্যারের মাধ্যমে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত নীতিমালা অনুযায়ী কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউপি গ্রহণ করতে পারছে।
অনলাইনে ইউপি ইস্যুর ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাগজভিত্তিক আবেদন ও সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা দূর হয়েছে। সিবিএমএস একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর সফটওয়্যার, যার মাধ্যমে ইউপি সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদন কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিতে সম্পন্ন হচ্ছে।
এনবিআরের মতে, সিবিএমএস ব্যবহারের ফলে ইউপি সেবায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ কমে আসবে, আবেদন প্রক্রিয়া হবে সহজ ও ব্যয় সাশ্রয়ী এবং কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ, নজরদারি ও অডিট কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে বন্ড সংক্রান্ত মামলা ও বিরোধের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, সিবিএমএসের মাধ্যমে অনলাইনে ইউপি সেবা চালুর ফলে রপ্তানিমুখী শিল্পখাত আরও বেশি সুবিধা পাবে, দেশের রপ্তানি বাণিজ্য হবে গতিশীল এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে পর্যায়ক্রমে বন্ড সংশ্লিষ্ট সব সেবা পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি
