৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ভুট্টার চালান
২০১৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে ভুট্টার চালান। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
চালানটিতে রয়েছে ২০২৫–২৬ মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭,৮৫৫ টন হলুদ ভুট্টা। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে। গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশে এই ধরনের উচ্চমানের ভুট্টা পৌঁছানোর ফলে দেশীয় পশুখাদ্য প্রস্তুতকারকরা নির্ভরযোগ্য উৎস থেকে প্রাণী পুষ্টি উপকরণ পেতে সক্ষম হবেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট চট্টগ্রাম বন্দরে জাহাজটিকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশনের (ইউজিসি) একজন কর্মকর্তা বলেন, আট বছর পর এই প্রথম বাংলাদেশে আমাদের ভুট্টা পৌঁছানো আনন্দের। তিনি আরও জানান, ভবিষ্যতেও দেশটিতে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।