শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ

ওটিটিতে নতুন রূপে শ্রাবন্তী, ‘ঠাকুমার ঝুলি’-তে প্রথমবার ঠাকুমা চরিত্রে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার দর্শকের সামনে আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে তিনি অভিনয় করছেন ‘ঠাকুমা’ চরিত্রে। ‘ঠাকুমার ঝুলি’ নামের এই ওয়েব সিরিজটি জনপ্রিয় কার্টুন বা রূপকথার গল্প নয়; বরং এটি একটি আধুনিক ও আবেগঘন সম্পর্কনির্ভর গল্প।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ সম্প্রতি তাদের নতুন বছরের ঘোষিত সিরিজের তালিকায় ‘ঠাকুমার ঝুলি’-এর নাম প্রকাশ করেছে। সিরিজটির গল্প আবর্তিত হবে এক ঠাকুমা ও তার নাতনির বিশেষ সম্পর্ককে ঘিরে। শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

এখন পর্যন্ত মা বা স্ত্রীর চরিত্রে শ্রাবন্তীকে একাধিকবার দেখা গেলেও, এতদিনের ক্যারিয়ারে এই প্রথম তিনি বয়স্ক বা ঠাকুমার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পর্দায় তার এই আমূল পরিবর্তন এবং নতুন লুক ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকলেও বর্তমানে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে কলকাতায় ফিরেছেন তিনি। জানা গেছে, চলতি মাসেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।

গত বছর মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছিল। এবার ওটিটিতে তার এই ভিন্নধর্মী চরিত্র দর্শকদের কতটা মুগ্ধ করে, সেদিকেই নজর সবার।

অন্যদিকে, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ফুলকি’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজে থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। শ্রাবন্তীর মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো