দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব অবরোধ, শিক্ষার্থীদের আন্দোলনে অচল রাজধানীর সড়ক
ঢাকার সরকারি সাতটি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) হালনাগাদ অধ্যাদেশ দ্রুত অনুমোদন ও রাষ্ট্রপতির চূড়ান্ত জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। অবরোধের ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে দেরি হওয়ায় তারা এক দফা দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, তাদের মূল দাবি হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অবিলম্বে জারি করা। নানা অজুহাতে অধ্যাদেশ কার্যকর করা বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবারও সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেন। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মিছিল নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় রাজধানীর একাধিক এলাকায় যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক দফা পরামর্শের মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারি মাসের শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও তা বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।