শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ

ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

রায়হান আলী

‎পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) কলেজ ক্যাম্পাসের মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেন।

‎উক্ত ইফতার মাহফিলে সংগঠনের নেতারা বলেন, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ ২০১৮ সালের প্রতিষ্ঠিত হয়। শুরুতে যার সদস্য সংখ্যা ছিল মাত্র ২৫ জন, যা বর্তমানে ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থীতে উন্নীত হয়েছে। সংগঠনটি ঢাকা কলেজে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।

‎সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জানানো হয়, তারা শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। যার মধ্যে রয়েছে একাডেমিক সহায়তা, স্টাডি সার্কেল, বই ব্যাংক, ভর্তি সহায়তা, আবাসন সংক্রান্ত সহযোগিতা, ব্লাড ডোনেশন গ্রুপ এবং ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি।

‎এছাড়া সংগঠনটির উদ্যোগে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

‎ইফতার মাহফিলে দিনাজপুরের ঐতিহ্যবাহী কিছু খাবারেরও আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ঢাকায় অবস্থানরত দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো