রবিবার, ২৪ মে, ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ণ

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় বহু আহতের ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে কুষ্টিয়া পাঁচজন, দিনাজপুর তিনজন ও যশোরে চারজন মারা গেছেন। এ ছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে একজন করে নিহত হয়েছেন।

কুষ্টিয়া
জেলার খোকসায় এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুর
জেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপর দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে।

যশোর
যশোরে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও চাউলিয়া এলাকার আনোর আলী (৭০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরো কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। আহত মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেনকে (২৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৭) নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বশির আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হান্নান জানান, সকালে আয়নাল গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে বস্তুল এলাকায় পৌঁছালে সড়কের বড় গর্তে পড়ে গরুবোঝাই নসিমনটি উল্টে যায়। এতে চালক আয়নাল নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জয়পুরহাট
জয়পুরহাটে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্র্যাককর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি দিনাজপুর সদরে ব্র্যাকের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শহরের গুলশান মোড় এলাকার নিজ বাড়ি থেকে শনিবার সকাল ৭টার দিকে মাহফুজুল মোটরসাইকেলযোগে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। বাড়ি থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে উঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর। স্থানীয় লোকজনের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরো