মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ

মৃত গ্রাহকের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিল ওয়ালটন

সুমন আহ‌মেদ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’ কর্মসূচির আওতায় এক মৃত গ্রাহকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার রৌমারী ওয়ালটন প্লাজায় এ সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ছপিউল হক গত ৬ মে ২০২৬ তারিখে রৌমারী ওয়ালটন প্লাজা থেকে ছয় মাসের কিস্তিতে ২০ হাজার ৩৩৩ টাকা মূল্যের একটি স্মার্টফোন ক্রয় করেন। পণ্যটি কেনার পর তিনি একটি কিস্তি পরিশোধ করেন। তবে অসুস্থ হয়ে গত ২ জুন তিনি মৃত্যুবরণ করেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির ‘সুরক্ষা সহায়তা’ সেবা চালু রয়েছে। এ সুবিধার আওতায় কোনো গ্রাহক কিস্তিতে পণ্য কেনার পর মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এরই অংশ হিসেবে মৃত ছপিউল হকের পরিবারের হাতে এককালীন ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ওয়ালটনের কর্পোরেট শাখার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. শাহাদত হোসেন এবং রৌমারী ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুল ইসলাম মৃতের স্ত্রী মোছা. বকুল খাতুনের হাতে সহায়তার অর্থ হস্তান্তর করেন।

সহায়তার অর্থ গ্রহণ করে বকুল খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্থ অপচয় না করে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার কাজে ব্যয় করতে চাই।”

এ সময় মো. শাহাদত হোসেন মরহুম ছপিউল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “গ্রাহকদের কল্যাণে ওয়ালটনের সুরক্ষা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা ওয়ালটনের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এমন সহায়তা কর্মসূচি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক উদাহরণ।

আরো