রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে যারা গুমের শিকার হয়েছেন, তাদের প্রতিটি মুহূর্ত মৃত্যুর প্রহর গুনে কাটাতে হয়েছে। একই সময়ে তাদের স্বজনরা কীভাবে দিন পার করেছেন, তা ভুক্তভোগী ও তাদের পরিবার ছাড়া কেউ বুঝতে পারবেন না।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। বহু মরদেহ গায়েব করেছে। আমরা মনে করি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’

গুমের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী কিংবা সুমনের মায়ের মানসিক অবস্থা অন্য কেউ বুঝতে পারবেন না। একইভাবে গুমের সময় তার নিজের স্ত্রী-সন্তানরা কী অবস্থার মধ্য দিয়ে গেছেন, সেটিও অন্যদের পক্ষে উপলব্ধি করা কঠিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ৭০৯ জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিষয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এ ধরনের গুম-খুনের কোনো স্থান ছিল না। ব্রিগেডিয়ার আযমীর মতো অনেকে ফিরে এলেও পরিবারের কাউকে পাননি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তবে তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, ‘বহু মরদেহ গায়েব করা হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে।’

আরো