Wednesday, 24 June, 2026, 4:00 pm

সুদানের আল ফাশিরে নারকীয় হত্যাযজ্ঞ: হাসপাতালে ঢুকে RSF বাহিনীর হাতে নিহত সাড়ে চারশ’ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের দারফুর অঞ্চলের আল ফাশির শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)। রোববার সেনাবাহিনীর কাছ থেকে শহরের দখল নেওয়ার পর RSF সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে ঢুকে নির্বিচারে গুলি চালায়, এতে রোগী, স্বজন ও কর্মীসহ অন্তত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল ফাশির শহরের হাসপাতালটি ছিল ওই অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র, যেখানে যুদ্ধাহত বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর RSF বাহিনী হাসপাতালে হামলা চালায় এবং বেশ কয়েক ঘণ্টা ধরে গুলি ও অগ্নিসংযোগ করে। এতে শতাধিক মানুষ গুরুতর আহত হয় এবং হাসপাতালটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ছ‌বি সংগৃহীত

আল ফাশিরের দখল নেওয়ার মাধ্যমে দারফুর অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন RSF বাহিনীর হাতে চলে গেছে। এ ঘটনায় মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেন, “এটি শুধু যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।”

বিশেষজ্ঞরা বলছেন, RSF বাহিনী দারফুর দখল করার মাধ্যমে সুদানের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে — যা দেশটিকে কার্যত দুই ভাগে বিভক্ত করার আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করেন, রাজধানী খার্তুমে সেনাবাহিনীর অবস্থান দুর্বল হলে, দেশটি উত্তর ও পশ্চিম ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।

এর আগে, ২০২৩ সালের এপ্রিলে RSF ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয়। তখন থেকে প্রায় ১৫ মাস ধরে চলা এই গৃহযুদ্ধে দেড় লাখের বেশি মানুষ নিহত এবং কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাটিকে “মানবিক বিপর্যয়” আখ্যা দিয়েছে এবং জরুরি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

আরো