রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, দুর্ভোগে ঢাকাবাসী

রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়লে বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

বিশেষ করে সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। অনেককে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধ সড়কে যানবাহনের গতিও কমে যায়।

সরেজমিন রাজধানীর পুরান ঢাকা, মতিঝিল, মালিবাগ, রামপুরা, মগবাজার, তেজগাঁও, গ্রিন রোড, পান্থপথ ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে রাজধানীর কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আরো