বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

একাডেমিক সহযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউএসআইএমের সমঝোতা

গতকাল ১৪/১০/২০২৬ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ (ইইউবি) ও ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও যৌথ একাডেমিক কার্যক্রমের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বাক্ষরিত এ দলিলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ইউএসআইএমের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. ইউসুফ আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত সহযোগিতার আওতায় যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, গবেষণা অনুদান, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের গবেষণা তত্ত্বাবধান, যৌথ গবেষণা প্রকাশনা এবং সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন কমিউনিটিভিত্তিক সেবামূলক কার্যক্রমেও দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করতে পারবে।

স্বাক্ষরিত লেটার অব ইনটেন্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাডেমিক সহযোগিতা গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ। প্রস্তাবিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে পরবর্তী সময়ে পৃথক চুক্তি করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রচেষ্টা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরো