এসওসি ২ নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ক্যাসপারস্কি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসওসি ২ (SOC 2) মানদণ্ডের নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ক্যাসপারস্কি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ন্ত্রণব্যবস্থা এবং অ্যান্টিভাইরাস ডেটাবেজ তৈরি, পরীক্ষা ও প্রকাশের প্রক্রিয়ার কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে। ২০১৯ সাল থেকে নিয়মিত এ নিরীক্ষায় অংশ নিয়ে আসছে ক্যাসপারস্কি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিরাপত্তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকার বজায় রেখেছে।
আমেরিকান ইনস্টিটিউট অব সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (এআইসিপিএ) প্রণীত এসওসি ২ কাঠামোটি বিশ্বব্যাপী স্বীকৃত। এতে পাঁচটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এগুলো হলো- নিরাপত্তা, সেবার প্রাপ্যতা, তথ্য প্রক্রিয়াকরণের যথার্থতা, তথ্যের গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা।
এবারের নিরীক্ষায় একটি স্বাধীন নিরীক্ষক দল ক্যাসপারস্কির নিরাপত্তা নিয়ন্ত্রণব্যবস্থার নকশা ও বাস্তব প্রয়োগের কার্যকারিতা পর্যালোচনা করেছে। এ জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রযুক্তি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার, বাস্তবে অনুসৃত কার্যপদ্ধতি পর্যবেক্ষণ, নীতিমালা ও কর্মপ্রবাহের নথিপত্র পর্যালোচনা এবং ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা পুনরায় যাচাই করা হয়।
নিরীক্ষকদের মূল্যায়নে দেখা গেছে, ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস ডেটাবেজ তৈরি, পরীক্ষা ও প্রকাশের প্রক্রিয়াগুলো এসওসি ২-এর নির্ধারিত শর্ত পূরণ করে। পাশাপাশি এসব প্রক্রিয়া অননুমোদিত পরিবর্তন বা কারসাজি থেকে সুরক্ষিত রয়েছে। নিরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন এখানে পাওয়া যাবে।
ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, “আমাদের গ্রাহক ও অংশীদারদের কাছে এসওসি ২ নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়া কেবল একটি আনুষ্ঠানিক অর্জন নয়। এটি স্বাধীনভাবে নিশ্চিত করে যে আমাদের প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত নিয়ন্ত্রণব্যবস্থাগুলো ধারাবাহিকভাবে কার্যকর রয়েছে। এই মূল্যায়ন প্রমাণ করে, ব্যবহারকারীরা আমাদের যেসব প্রযুক্তির ওপর আস্থা রাখেন, সেগুলো সুরক্ষিত ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিটি আপডেট এবং প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হয়।”
নিয়মিত স্বাধীন নিরীক্ষা ক্যাসপারস্কির গ্লোবাল ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে গ্রাহক ও অংশীদাররা প্রতিষ্ঠানটির সলিউশন এবং নিরাপত্তা কার্যক্রমের নির্ভরযোগ্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। এসওসি ২-এর পাশাপাশি ক্যাসপারস্কি আইএসও/আইইসি ২৭০০১ সনদ বজায় রেখেছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ পণ্যগুলো কমন ক্রাইটেরিয়া (Common Criteria) সনদওঅর্জন করেছে। এসব আন্তর্জাতিক মানদণ্ড ও সনদের মাধ্যমে জবাবদিহিতা, নিরাপদ প্রযুক্তি উন্নয়ন এবং স্বীকৃত নিরাপত্তা চর্চার প্রতি ক্যাসপারস্কির অঙ্গীকার প্রতিফলিত হয়।
