সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

ফলের উপর ১২২% কর বনাম তামাকের করছাড় : একটি বিপরীতমুখী নীতির গল্প

মিঠুন বৈদ্য , জনস্বাস্থ্যকর্মী ও তামাক কর বিশেষজ্ঞ

গতকাল ঢাকা শহরের একটি বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে ফল কেনার উদ্দেশ্যে দোকানদারকে বিভিন্ন পদের ফলের মূল্য জিজ্ঞাসা করলাম। মুহুর্তেই উত্তর এলো কমলা- ৫৫০ টাকা/কেজি, আপেল- ৪০০ টাকা/কেজি, বেদানা- ৫৪০ টাকা/কেজি তাও আবার একদাম। অথচ ১ মাস আগেই এই সকল ফলের দাম কেজিপ্রতি নূন্যতম ১০০-২৮০ কম ছিলো। মূল্যতালিকা শুনেই বলে বসলাম যে ফল শরীরের জন্য এতো উপকারী সেই ফলের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কেনো। পাশ থেকে আরকজন ক্রেতা বললেন দাম কেনো বাড়বেনা বলুন, ফল আমাদনীতে যে ১২২ শতাংশ শুল্ক-কর দিতে হয়। অথচ, এই শুল্ক-কর কমিয়ে ফলের দাম সাধারণ জনগণের সাধ্যের মধ্যে না এনে বরং যে তামাকজাত দ্রব্য মানুষের স্বাস্থ্যহানি ঘটায়, তার কাঁচামালে দেয়া হলো বড় করছাড়। একই বাজেটে সরকার কর্তৃক গৃহীত এই দুটি সিদ্ধান্ত পাশাপাশি রাখলে নীতির যৌক্তিকতা স্বভাবতই প্রশ্নের মুখে পড়ে যায়।

শুরুতে ফলের হিসাবটাই দেখা যাক। দেশে আমদানি করা ১০০ টাকা মূল্যের ফল শুল্ক কর যুক্ত হয়ে আমদানিকারকের হাতে আসতেই হয়ে যায় ২২২ টাকা। ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছাতে পরিবহন খরচ, পচে যাওয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট খরচ এবং লভ্যাংশ যুক্ত হয়ে সেই মূল্যটাই দ্বিগুণ বা তারও বেশি হয়ে যায়। উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্ধারিত ১৩৬ শতাংশ শুল্ক-কর সামান্য কমিয়ে ১২২ শতাংশ করা হলেও এই হ্রাস ভোক্তাদের মনে স্বস্তি আনছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। প্রশ্নটা রেখেই বলা যাক, ফল কি আদৌ কোনো বিলাসবহুল দ্রব্য, নাকি ক্ষতিকর কোনো পণ্য, যার ওপর এমন কঠোর করভার আরোপ করা যৌক্তিক কিনা সেটা আরেক গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। চিকিৎসকদের ভাষ্যমতে এটি তো বরং শরীরের জন্য অপরিহার্য একটি খাদ্য উপাদান।

জাতীয় স্টেপস সার্ভে (২০১৮) থেকে জানা যায় যে, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ০.৪% জনগোষ্ঠী দৈনিক প্রয়োজনীয় পরিমাণ ফল গ্রহণ করে। বিগত ৩-৪ বছরে বাজারে প্রচলিত ফলের মূল্য যে অস্বাভাবিক হারে বেড়েছে তাতে বিক্রয় অর্ধেকে নেমে যাওয়ার একাধিক তথ্য দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। যা মানুষের ফল কেনার সক্ষমতা ও ফল গ্রহণের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাকে আরও জোরালো করার পাশাপাশি ব্যবহার হ্রাসেরও একটি পরোক্ষ ইঙ্গিত উপস্থাপন করে। বাস্তবতা হলো, সন্তানকে নিয়মিত ফল খাওয়ানোর সামর্থ্য অনেক দরিদ্র বাবার নেই, আর বৃদ্ধ মা-বাবাকে ফল খাওয়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও তা পূরণ করতে পারছেন না সীমিত আয়ের অনেক সন্তান। ২০২৫ সালে ‘লাইফস্টাইল মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক বিশ্লেষণে অপর্যাপ্ত ফল গ্রহণের সঙ্গে কার্ডিওভাসকুলার রোগজনিত মৃত্যুর ১৪.৬ শতাংশ সম্পর্কিত। বাংলাদেশের মতো দেশে, যেখানে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পর্যাপ্ত ফল গ্রহণের ঘাটতি রয়েছে, এই বৈশ্বিক তথ্যটি জনস্বাস্থ্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফলে দেশে ফলের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্যে পর্যাপ্ত ফল গ্রহণ নিশ্চিত করার বিষয়টি জনস্বাস্থ্য নীতিতে গুরুত্ব পাওয়া প্রয়োজন।

প্রয়োজন, ক্রয়সক্ষমতা এবং প্রাপ্তির মাঝের এই বৈষম্যটা নিছক আক্ষেপের বিষয় হয়ে থাকত, যদি না ঠিক এই সময়েই সরকারের পক্ষ থেকে তামাকজাত দ্রব্য প্রস্তুতে প্রয়োজনীয় আমদানিযোগ্য কাঁচামালের উপর বড় কর ছাড় দেওয়া হতো যা সরকারের একটি সম্পূর্ণ বিপরীতমুখী সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহান জাতীয় সংসদে সংশোধনীসহ পাস হওয়া অর্থবিলে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল সেলুলোজ অ্যাসিটেট আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক ১০০% থেকে কমিয়ে ৩০% করা হয়। অর্থাৎ প্রস্তাবিত শুল্কের তুলনায় আরোপিত শুল্কের পরিমাণ এক-তৃতীয়াংশেরও কম। একইভাবে নতুন করের আওতায় আসা নিকোটিন পাউচের কাঁচামাল গ্রানুলস আমদানিতে প্রস্তাবিত শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ, আর উৎপাদন পর্যায়ে শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, এই ছাড়ের পেছনে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বাজারে অবৈধ সিগারেটের বিক্রি বেড়ে যাওয়ায় সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কমে গেছে। অথচ বিগত ২০ বছরে একাধিকবার কর বৃদ্ধি, আইন সংশোধন ও তামাক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও বাৎসরিক আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির ধারা অব্যাহতই ছিল। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। অর্থাৎ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তামাক কোম্পানির প্রভাব বিস্তারের দীর্ঘদিনের ঝুঁকির বিষয়টি এই বাস্তব ফলাফলের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার দাবি রাখে।

তামাক কোম্পানিগুলোর দীর্ঘদিনের একটি প্রচলিত যুক্তি হলো কর বাড়ালে অবৈধ বাজার বাড়তে পারে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গবেষণা বলছে, অবৈধ বাজারের অস্তিত্ব থাকলেও সেটিকে কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহার করার সুযোগ সীমিত। প্রথমত এই প্রচার বছরের অন্যান্য সময় তেমন দেখা না গেলেও ঠিক জাতীয় বাজেট ঘোষণার আগে ও পরে, যখন তামাক কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় তখনই কিছু গণমাধ্যমে চোরাচালান বৃদ্ধির আশঙ্কা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের বিভিন্ন বৈশ্বিক হিসাব অনুযায়ী বিশ্বে ব্যবহৃত প্রতি ১০টি সিগারেটের ১টি অর্থাৎ ১০-১২ শতাংশ অবৈধ বাজারের সঙ্গে সম্পর্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহর করা ‘বাংলাদেশে অবৈধ সিগারেট বিক্রির ব্যাপ্তি, কাঠামো ও সংশ্লিষ্ট কারণসমূহ: প্যাকেট বিশ্লেষণভিত্তিক একটি গবেষণা’ শীর্ষক গবেষণায় দেখা গেছে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবৈধ/চোরাচালানকৃত সিগারেটের পরিমাণ ৫.৬ শতাংশ। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেহেতু সিগারেটের দাম বাংলাদেশের থেকে বেশি সেহেতু অতিরিক্ত দাম দিয়ে অন্য দেশ থেকে চোরাই পথে এই পণ্য দেশের বাজারে ঢোকা নিতান্তই অযৌক্তিক ও হাস্যকর যুক্তি। তাই চোরাচালানের আশঙ্কাকে তামাক কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহারের আগে এর প্রকৃত ব্যাপ্তি, উৎস ও অর্থনৈতিক যৌক্তিকতা স্বাধীনভাবে যাচাই করা জরুরি। কোনো চোরাচালানই সমর্থনযোগ্য নয় তবে সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচারের পিছনে যে কোম্পানির নিজস্ব স্বার্থ কাজ করে তা বোঝায় কোনো অপেক্ষা রাখেনা। এছাড়া ‘কর বাড়লে সিগারেটের দাম বাড়বে, আর ভোক্তা অবৈধ সিগারেটের দিকে ঝুঁকবে’ এমন যুক্তি নৈতিকভাবে অস্বস্তিকর একটি প্রশ্ন সামনে আনে; যে পণ্য মানুষের স্বাস্থ্যহানি ঘটায়, রাষ্ট্র তার প্রতি এত সংবেদনশীল কেন!!

এমনকি রাজস্ব বোর্ডের নিজস্ব যুক্তি দিয়েই ফলের করভার কমানোর পক্ষে দাঁড়ানো যায়। তামাক খাতে যে আশঙ্কা দেখানো হয়েছে, অতিরিক্ত কর বসালে বৈধ বাজার সংকুচিত হয়ে অবৈধ বাজার বেড়ে যায় এবং তাতে রাজস্ব বরং কমে। এই একই যুক্তি ফলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ১২২ শতাংশের মতো করভারে বৈধ পথে ফল আমদানি নিরুৎসাহিত হলে চোরাচালান বা অনানুষ্ঠানিক পথে ফল আসার প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ সীমান্তবর্তী দেশগুলোর তুলনামূলক দাম ও কর কাঠামোর বিষয়টিও এখানে বিবেচনায় নেওয়া প্রয়োজন। সুতরাং ফল আমদানিতে এমন উচ্চ করভার বৈধ আমদানিকে নিরুৎসাহিত করে চোরাচালান বা অবৈধ সরবরাহ বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে।

তাই পরিশেষে বলাই যায় যে, তামাকজাত দ্রব্য প্রস্তুতে প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রস্তাবিত আমদানি শুল্ক পুনর্বহাল করে, বরং আপেল, কমলা, মাল্টাসহ যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেসবের ওপর করভার যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে ভোক্তার সক্ষমতার মধ্যে নিয়ে আসা হোক। উল্লেখ্য, একটি রাষ্ট্রের বাজেট নীতি তার অগ্রাধিকার প্রকাশ করে। ক্ষতিকর পণ্যে ছাড় দিয়ে আর উপকারী পণ্যে করের বোঝা বহাল রেখে বাংলাদেশ আসলে কোন অগ্রাধিকারের বার্তা দিচ্ছে, সেই প্রশ্নটা নীতিনির্ধারকদের সামনে তোলার এখনই সময়।

আরো