বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা (২০২৭–২০২৯) চুড়ান্ত
চক্ষুস্বাস্থ্য নিয়ে জাতীয় উদ্যোগ আরও শক্তিশালী ও সহজলভ্য করতে বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন করেছে। রবিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাতীয় কর্মশালায় বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা (২০২৭–২০২৯) চুড়ান্ত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর সহযোগিতায় চক্ষুস্বাস্থ্য বিষয়ক বহুখাতীয় এই জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন (এফএইচএফ। এতে অংশীদারিত্ব করেছে সাইটসেভারস এবং আন্তর্জাতিক এনজিও ফোরাম ফর আই হেলথের অন্য সদস্যবৃন্দ।
এই প্ল্যাটফর্মের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সহযোগিতায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল একত্রে কাজ করছে। এছাড়া, প্ল্যাটফর্মে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়; শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান, কৃষি, শিল্প, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং চোখের স্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক জাতীয় প্ল্যাটফর্মের সভাপতি মো. মহসিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তিনি জাতীয় পর্যায়ে চোখের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন খাতের সম্মিলিত অঙ্গীকার ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) ভারপ্রাপ্ত পরিচালক এবং প্ল্যাটফর্মের সহসভাপতি ডা. সৈয়দ মেহবুব উল কাদির। তিনি চোখের স্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা (২০২৭–২০২৯)-এর সার্বিক রূপরেখা তুলে ধরেন। উপস্থাপনায় তিনি চোখের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করতে কর্মপরিকল্পনার প্রধান অগ্রাধিকার, বিষয়ভিত্তিক ক্ষেত্র এবং প্রস্তাবিত কার্যক্রমগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
চক্ষুস্বাস্থ্য কেবল স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি সবার জন্য একটি যৌথ উন্নয়ন অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। দৃষ্টি-প্রতিবন্ধিতা মানুষের স্বাভাবিক জীবনযাপন, পড়াশোনা, উৎপাদনশীলতা, সমাজে মেলামেশা সহ সার্বিক কাজকে প্রভাবিত করে। তাই বাংলাদেশে সবার জন্য সহজলভ্য ও ন্যায্য চক্ষুসেবা নিশ্চিত করতে সব খাত মিলেমিশে এখানে কাজ করবে।
কর্মশালায় আরও অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত ও কারিগরি বিশেষজ্ঞবৃন্দ। সেসময় পরিকল্পনার কৌশলগত অগ্রাধিকার, বিষয়ভিত্তিক ক্ষেত্র, প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও দায়িত্ব এবং বাস্তবায়নের ধাপ বা মাইলফলক নিয়ে বিশেষ আলোচনা করা হয়। ২০২৭–২০২৯ সালের মধ্যে একত্রে কাজ করতে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করাই ছিল এর মূল উদ্দেশ্য।
এই কর্ম-পরিকল্পনা জাতীয় অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়ার একটি কাঠামো, যা বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় বাড়াবে এবং চক্ষুস্বাস্থ্যকে প্রাসঙ্গিক নীতি, কর্মসূচি ও সেবায় যুক্ত করতে সহায়তা করবে। এটি চক্ষুস্বাস্থ্য নিয়ে বৈশ্বিক উদ্যোগের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে তুলে ধরেছে। এটি চক্ষুস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক সম্মেলনের অঙ্গীকার ও গতিকে জাতীয় পর্যায়ে সমন্বিত কাজে রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “দেশের মানুষের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চোখের স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, প্রত্যেক মানুষ যেন তার আর্থসামাজিক অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণের সুযোগ পায়।”
চক্ষুসেবার উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে প্রতিরোধযোগ্য দৃষ্টি-প্রতিবন্ধিতা এবং অপ্রত্যাশিত অন্ধত্ব এখনো একটি বড় চ্যালেঞ্জ। এর সমাধানে প্রয়োজন টেকসই বিনিয়োগ, শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা, সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং বৃহত্তর উন্নয়ন কার্যক্রমে চক্ষুস্বাস্থ্যের সংযোগ।
বহুখাতীয় জাতীয় প্ল্যাটফর্ম ও এর কর্ম-পরিকল্পনার মাধ্যমে সংশ্লিষ্ট সবাই একত্রে কাজ করবে, যার লক্ষ্য হবে সমন্বয় বাড়ানো, জবাবদিহিতা নিশ্চিত এবং দক্ষতা ও সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশব্যাপি চক্ষুস্বাস্থ্য সেবাকে এগিয়ে নেওয়া। দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্লাস্টার ডিরেক্টর মোসাব্বির আলম বলেন, “এখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো সম্মিলিত অঙ্গীকারগুলোকে সমন্বিত কার্যক্রমে রূপ দেওয়া এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।”
কর্ম-পরিকল্পনাটি চুড়ান্ত হওয়ায় বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য আরও সমন্বিত ও টেকসই পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখানে সবার লক্ষ্য, মানসম্মত চক্ষুসেবা পাওার ক্ষেত্রে কেউ যেন পিছিয়ে না থাকে।
