বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ

পর্যটক ভিসায় ব্র্যান্ড প্রমোশন! অনার বাংলাদেশের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ

পর্যটক ভিসায় বাংলাদেশে অবস্থানরত এক বিদেশি ইউটিউবারকে বাণিজ্যিক ব্র্যান্ড প্রমোশনে যুক্ত করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে, এ ঘটনা দেশের প্রচলিত ভিসা নীতিমালা ও শ্রম আইনের সম্ভাব্য লঙ্ঘন।

অভিযোগ অনুযায়ী, কানাডিয়ান নাগরিক ও জনপ্রিয় ইউটিউবার এলেক্স ক্রিসল (Alex Kreissl) পর্যটক ভিসায় বাংলাদেশে অবস্থান করলেও একটি করপোরেট ব্র্যান্ডের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে—আইন অনুযায়ী নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নাগরিক আয়মূলক কার্যক্রমে যুক্ত হচ্ছেন এবং একটি করপোরেট প্রতিষ্ঠান কীভাবে তাকে সেই সুযোগ দিচ্ছে?

রোববার (৪ জানুয়ারি) গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে আয়োজিত অনার (HONOR) ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘অনার এক্স৯ডি’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এলেক্স ক্রিসলকে মঞ্চে উপস্থিত থেকে পণ্যের প্রচারে অংশ নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাকে ব্র্যান্ড ইনফ্লুয়েন্সারের ভূমিকায় স্পষ্টভাবে দেখা গেছে।

ইমিগ্রেশন আইন অনুযায়ী, পর্যটক ভিসায় বাংলাদেশে আগত কোনো বিদেশি নাগরিক বাণিজ্যিক বা আর্থিক কার্যক্রমে অংশ নিতে পারেন না। সংশ্লিষ্টদের দাবি, এলেক্স ক্রিসলের এই অংশগ্রহণ সরাসরি ভিসার শর্ত ভঙ্গের শামিল।

বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে ‘টাকলা বিদেশি’ নামে পরিচিত এলেক্স ক্রিসল সাবলীল বাংলায় কথা বলা ও ভিন্নধর্মী কনটেন্টের মাধ্যমে দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয়তা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেয় না।

সচেতন মহলের আরও অভিযোগ, এ ধরনের ঘটনায় দেশীয় কনটেন্ট নির্মাতা ও শিল্পীদের কাজের সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বিদেশি নাগরিক দিয়ে অবৈধভাবে ব্র্যান্ড প্রমোশন করানো হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ইভেন্ট আয়োজকরাও দায়মুক্ত থাকতে পারেন না।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, “কোনো বিদেশি নাগরিক কোন ভিসায় দেশে এসেছেন, তা আগে যাচাই করা জরুরি। পর্যটক ভিসায় এসে কেউ ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হতে পারেন না। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ওয়ার্ক পারমিট বা উপযুক্ত ভিসা নিয়ে এলে এবং সরকার নির্ধারিত কর ও ফি পরিশোধ করলে তা বৈধ হতে পারে। অন্যথায় এটি শাস্তিযোগ্য অপরাধ।”

এ বিষয়ে অনার বাংলাদেশ কিংবা এলেক্স ক্রিসলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদের সঙ্গে যুক্ত করা হবে।

আরো