দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
দেশজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আজ বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার দেওয়া এক লিখিত নোটিশে সমিতি জানায়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে খুচরা ও পাইকারি—সব ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রিতে স্থবিরতা দেখা দেবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবির কথা তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দাবি মানা না হলে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।