Sunday, 28 June, 2026, 2:09 am

ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা শুটার, এখন খেলবেন কানাডার হয়ে

ভারতের ক্রীড়াঙ্গনে আলোচিত নাম শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া আর ভারতের নাগরিক নন। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও তিনি ইতোমধ্যে ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে দেখা যাবে কানাডার প্রতিনিধিত্ব করতে।

৩০ বছর বয়সী অঙ্গদ বাজওয়া গত কয়েক বছর ধরে ভারতের অন্যতম ধারাবাহিক ও নির্ভরযোগ্য শুটার হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় দলে নিয়মিত জায়গা পাওয়া এই অ্যাথলেট টোকিও অলিম্পিকে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন। এছাড়া সর্বশেষ এশিয়ান গেমসেও ভারতের হয়ে পদক জয়ের কৃতিত্ব রয়েছে তার।

পারিবারিক কারণেই কানাডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই নাগরিকত্ব পরিবর্তন করেছেন তিনি। চলতি বছর থেকেই কানাডার জার্সিতে প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তার। সামনে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস থাকায় বিষয়টি নিয়ে ক্রীড়া মহলে আলোচনা চলছে।

নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএআই)-এর কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন অঙ্গদ। ইতোমধ্যে সেই এনওসি পাওয়ায় কানাডার হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না।

এ বিষয়ে এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেন, “অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছিল। কোন দেশের হয়ে খেলবে, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। যদিও তার মতো প্রতিভাবান শুটারের চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি, তবে তাকে আটকানোর কোনো উপায় আমাদের নেই।”

উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের সদস্য ছিলেন অঙ্গদ বাজওয়া। পাশাপাশি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে টানা দুইবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই শুটার।

আরো