Sunday, 28 June, 2026, 12:37 pm

নবমবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক

কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই অর্জন বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করে ব্র্যাক ব্যাংক।

প্রতিবছর কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতায় সর্বোচ্চ মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার প্রদান করা হয়। শক্তিশালী আর্থিক পারফরম্যান্স, দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এবং দেশের সেরা ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সদস্য হিসেবে মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান-এর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান; আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ; এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সুশাসন, নৈতিকতা, কমপ্লায়েন্স ও স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক দর্শনের মূল ভিত্তি। আইসিএমএবি’র ধারাবাহিক এই স্বীকৃতি আমাদের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্সের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট সুশাসন আরও শক্তিশালী করতে আমাদের অনুপ্রাণিত করবে এবং দেশের সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক হয়ে ওঠার পথে আমাদের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।”

আরো