শনিবার, ২ মে, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

ভ্রমণ ও পর্যটন এওয়ার্ড ২০২৫-এ যুক্ত হলো গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

দেশের অন্যতম ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ড (BTTHA) ২০২৫-এর লিড স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ শিল্প প্রতিষ্ঠান গ্যালাক্সি। পাশাপাশি পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এই আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে।

দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে একমাত্র স্বীকৃত এই পুরস্কার অনুষ্ঠানটি এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল (১৭ ডিসেম্বর ২০২৫) ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ মনিটরের পক্ষে স্বাক্ষর করেন সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। গ্যালাক্সি গ্রুপের পক্ষে লিড স্পন্সর চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে হসপিটালিটি চুক্তিতে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন।

অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সম্পৃক্ততায় এওয়ার্ড প্রোগ্রামের মর্যাদা ও পরিসর আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বাংলাদেশের ভ্রমণ ও আতিথেয়তা শিল্পে উৎকর্ষতা অর্জন এবং উত্তম চর্চা আরও উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, পর্যটন ও আতিথেয়তা খাতে উদ্ভাবন, সেবার মান ও টেকসই উন্নয়নকে স্বীকৃতি প্রদানকারী এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তারা আনন্দিত।

অন্যদিকে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন বিশ্বমানের আতিথেয়তা প্রদানের পাশাপাশি অসাধারণ অর্জনকে স্বীকৃতি দেয়—এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

চলতি বছর মোট ২৫টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হবে। শুধুমাত্র আবেদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোই বিবেচনার আওতায় আসবে। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল বিশেষজ্ঞদের মূল্যায়ন ও পাবলিক ভোটিংয়ের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবেন।

এ বছর নতুনভাবে যুক্ত করা হয়েছে দুটি বিশেষ ক্যাটাগরি— সর্বাধিক পর্যটনবান্ধব বিদেশি গন্তব্য এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পর্যটন স্পট। এসব ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হবে সরাসরি পাবলিক ভোটিংয়ের মাধ্যমে।

উল্লেখ্য, বাংলাদেশের পর্যটন ইকোসিস্টেম উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোর লক্ষ্যে বাংলাদেশ মনিটর ২০২৪ সালে প্রথমবারের মতো এই এওয়ার্ডের প্রবর্তন করে। প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, যেখানে অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো