এক ধাক্কায় সোনার দামে বড় উল্লম্ফন, ভরি ছাড়াল ২ লাখ ৮৬ হাজার টাকা
দেশের বাজারে আবারও ইতিহাস গড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের বাজারে সোনার সর্বোচ্চ মূল্য হিসেবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে এই নতুন দর কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর মাত্র একদিন আগেই, বুধবার (২৮ জানুয়ারি), ২২ ক্যারেট সোনার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। সেই রেকর্ড ভাঙার আগেই আবার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি এলো।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকায়, ১৮ ক্যারেটের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায়। বৃহস্পতিবার সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত আগের দরে সোনা বিক্রি হয়।
সোনার পাশাপাশি রুপার দামেও সমন্বয় আনা হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, ব্যবসায়ীরা বলছেন—আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের প্রভাবেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।