মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

খেলাপি ঋণ ও আয় নিয়ে চাপে আইডিএলসি ফাইন্যান্স, কমেছে উদ্যোক্তাদের মালিকানা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি–এর খেলাপি ঋণ ও সুদজনিত আয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এবং একই সঙ্গে সুদ থেকে আয় কমেছে উল্লেখযোগ্য হারে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে আইডিএলসি ফাইন্যান্সের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫৭৩ কোটি ৬ লাখ ৫ হাজার ১৫১ টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এ পরিমাণ ছিল ৫০২ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৯৫ টাকা। অর্থাৎ নয় মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭০ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৫৬ টাকা বা প্রায় ১৪ শতাংশ।

একই সময়ে সুদজনিত আয় কমেছে প্রায় ২৩ শতাংশ। ২০২৫ সালের প্রথম নয় মাসে সুদ থেকে আয় হয়েছে ২৮৬ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৮৭ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৩৭৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮৯৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সুদ আয় কমেছে ৮৬ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৩১০ টাকা।

এদিকে উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায়ও বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা ছিল ৫৬ দশমিক ৬৬ শতাংশ। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তা কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১২ শতাংশে, যা ২০২৬ সালের ৩১ জানুয়ারিতেও অপরিবর্তিত ছিল। স্বল্প সময়ে মালিকানা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল হক বলেন, একসময় আইডিএলসি ফাইন্যান্স ভালো লভ্যাংশ দিলেও বর্তমানে তা কমে গেছে। শেয়ার দরেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নেই, ফলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত ফল পাচ্ছেন না।

অন্যদিকে কোম্পানিটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূর বলেন, দেশে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি, যেখানে আইডিএলসির খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ শতাংশ। খাতের সামগ্রিক দুর্বলতার প্রভাব প্রতিষ্ঠানটিও কিছুটা বহন করছে বলে তিনি জানান। তবে শতভাগ প্রভিশন সংরক্ষণ করা হয়েছে এবং গ্রাহক ও আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বাংলাদেশ ব্যাংক–এর আরিফ হোসেন খান বলেন, আইডিএলসি ফাইন্যান্সের খেলাপি ঋণ বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট বিভাগ প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৬৪ দশমিক ৮৮ শতাংশ। ১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ টাকা ৫০ পয়সা।

আরো