Wednesday, 1 July, 2026, 1:20 am

১০ দিনে ৩ বিস্ফোরণ, ভিভো ফোনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : দেশে মাত্র ১০ দিনের ব্যবধানে ভিভো ও এর সাব-ব্র্যান্ড আইকিউ (iQOO)-এর তিনটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় একজনের মৃত্যু, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত এবং আরেকটি ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এ বিষয়ে এখনো ভিভো বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ ২৪ জুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা ভিভো Y12 মডেলের ফোনটি হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হয়ে চিকিৎসা নেন।
এর আগে ২১ জুন গাজীপুরের টঙ্গীতে ভিভো Y20 মডেলের একটি ফোন অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের করতে শুরু করলে সেটি দ্রুত বারান্দায় ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর ফোনটি বিস্ফোরিত হয়। পরিবারের দাবি, এতে বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ১৪ জুন আশুলিয়ায়। চার্জে থাকা আইকিউ (iQOO) ব্র্যান্ডের একটি ফোন বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন মিজানুর রহমান (৪৪)। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরপর তিনটি ঘটনার পর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভুক্তভোগী পরিবার ও প্রযুক্তি সচেতন নাগরিকদের প্রশ্ন, একই ব্র্যান্ডের একাধিক ফোন বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা যাচাই ও দায় নির্ধারণে সংশ্লিষ্টদের ভূমিকা কী হবে। এ বিষয়ে ভিভো বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।

আরো