৩৬৩ আইফোন, খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চীনা নাগরিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিনজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— তান জিয়ান (TAN JIAN), উ জুন (WU JUN) ও ডং হংওয়েই (DONG HONGWEI)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ৩০৫টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ বিভিন্ন উপায়ে বাংলাদেশে এনে সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এই চক্রের সঙ্গে দেশের কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীও জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।