পেঁয়াজকলির ফুল ফেলে দিচ্ছেন, জানুন খেলে কী উপকার হবে
রান্নাঘরের পরিচিত উপাদান পেঁয়াজের মতোই পেঁয়াজকলিও আমাদের খাবারের স্বাদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাজি, স্যুপ, নুডলস কিংবা বিভিন্ন সবজিতে পেঁয়াজকলি ব্যবহার বেশ জনপ্রিয়। তবে অনেক সময় পেঁয়াজকলিতে ফুল ফুটে উঠলে অনেকেই সেটি খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দেন। পুষ্টিবিদরা বলছেন, এই ধারণা ঠিক নয়—পেঁয়াজকলির ফুলও খাওয়ার উপযোগী এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।
অন্ত্রের স্বাস্থ্যে উপকারী
পেঁয়াজ ও রসুনের মতো পেঁয়াজকলির ফুলেও রয়েছে সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যদিও পরিমাণে কিছুটা কম। এতে থাকা প্রিবায়োটিক উপাদান ও ফাইবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। ফলে অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় থাকে, প্রদাহ কমে এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হয়।
হজমে সহায়ক
যাদের পেটফাঁপা, গ্যাস বা ভারী খাবারের পর অস্বস্তি হয়, তাদের জন্য পেঁয়াজকলির ফুল উপকারী হতে পারে। এটি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। যাদের হজমশক্তি দুর্বল বা অম্বলের সমস্যা রয়েছে, তারাও পরিমিত পরিমাণে খেলে উপকার পেতে পারেন।
প্রদাহ কমাতে সহায়ক
ঐতিহ্যবাহী ভেষজ চর্চায় পেঁয়াজজাতীয় খাবারকে প্রদাহনাশক হিসেবে বিবেচনা করা হয়। পেঁয়াজকলির ফুলেও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।
সবার জন্য উপযোগী নয়
সাধারণভাবে পেঁয়াজকলির ফুলের তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে যাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) রয়েছে বা পেঁয়াজজাতীয় খাবারে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো।
যেভাবে খাবেন
পেঁয়াজকলির ফুল সালাদে কাঁচা খাওয়া যায়। হালকা ভেজে বা অন্যান্য সবজির সঙ্গে রান্নাও করা যায়। তবে বেশি তাপে দীর্ঘ সময় রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হতে পারে, তাই অল্প আঁচে স্বল্প সময় রান্না করাই উত্তম।
খাবার অপচয় না করে পুষ্টিগুণে ভরপুর এই উপাদানটি সচেতনভাবে খাদ্যতালিকায় যুক্ত করলে মিলতে পারে বাড়তি স্বাস্থ্যসুরক্ষা।