Sunday, 12 July, 2026, 8:53 am

১০ জানুয়ারি শুরু ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ও উৎসব

বি‌নোদন ডেস্ক

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আন্তর্জাতিক সংযোগ ও স্বাধীন ধারার চলচ্চিত্রচর্চাকে এগিয়ে নিতে শুরু হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ও উৎসব ২০২৬। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসবের আয়োজকরা। তারা বলেন, এই উৎসব বাণিজ্যিক চাপের বাইরে থেকে মানবিক, সামাজিক ও প্রতিবাদী চলচ্চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

উৎসবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্র, পরিচালক ও মানবিক মূল্যবোধভিত্তিক চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।

উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল ও উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল জানান, এবারের আসরে নবীন বাংলাদেশি নির্মাতাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের স্বাধীন চলচ্চিত্রচর্চার অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও কূটনৈতিক প্রতিনিধিরা।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ও উৎসব বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার পাশাপাশি সাংস্কৃতিক কূটনীতি ও সফট পাওয়ার জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো