বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ

বিও অ্যাকাউন্টে অনিয়মের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজে দুদকের অভিযান

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিকিউরিটিজে বিও অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের শেয়ার লেনদেনের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় অর্থের প্রকৃত উৎস আড়াল করা ও কর ফাঁকির অভিযোগও উঠেছে।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সোমবার (১৯ জানুয়ারি) প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ড জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যানের নামে নয়, ভিন্ন পরিচয়ে বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে বড় অঙ্কের লেনদেন করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। এসব লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন রাখা, কর ফাঁকি এবং অন্যান্য আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটি থেকে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ড সংগ্রহ করে। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। সংগৃহীত অন্যান্য নথি বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়।

দুদক জানিয়েছে, প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো