শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ণ

ডালিম খাওয়ার ১০ উপকারিতা: সুস্বাদু ফলেই সুস্থতার চাবিকাঠি

পুষ্টিগুণে ভরপুর একটি ফলের নাম ডালিম। ক্যালোরি ও চর্বি কম হলেও এতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান। একটি মাঝারি আকারের ডালিম থেকে প্রায় ২৩৪ ক্যালোরি, ৪.৭ গ্রাম প্রোটিন, ৩.৩ গ্রাম চর্বি এবং ১১.৩ গ্রাম ফাইবার পাওয়া যায়। পাশাপাশি আয়রন, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানও রয়েছে এই ফলে। নিয়মিত ডালিম খেলে নানা রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব। জেনে নিন ডালিম খাওয়ার ১০টি উল্লেখযোগ্য উপকারিতা—

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
ডালিমে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

২. ক্যানসার প্রতিরোধে সহায়ক
গবেষণায় দেখা গেছে, ডালিমের কিছু যৌগ টিউমারের বৃদ্ধি ধীর করতে পারে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

৩. হৃদযন্ত্র সুস্থ রাখে
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর করা একাধিক গবেষণায় দেখা গেছে, ডালিমের রস বুকের ব্যথা কমাতে সাহায্য করে এবং হার্টের জন্য সুরক্ষামূলক ভূমিকা রাখে।

৪. রক্তশূন্যতা প্রতিরোধ করে
আয়রনের ভালো উৎস হওয়ায় ডালিম নিয়মিত খেলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে উপকার পাওয়া যায়।

৫. কিডনিতে পাথরের ঝুঁকি কমায়
এক গবেষণায় বলা হয়েছে, ডালিমের নির্যাস রক্তে অক্সালেট, ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে।

৬. মুখ ও দাঁতের সুরক্ষা দেয়
ডালিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান মুখের ক্ষতিকর জীবাণু নষ্ট করতে সাহায্য করে, যা দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় রোধে কার্যকর।

৭. ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়ায়
ডালিমের নির্যাস শরীরের শক্তি বাড়াতে এবং দৈনন্দিন কাজে কর্মক্ষমতা উন্নত করতে সহায়ক।

৮. প্রদাহ কমাতে সাহায্য করে
ডালিমে থাকা এলাজিটানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৯. মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে
নিয়মিত ডালিম খাওয়া আলঝেইমার ও পারকিনসনের মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

১০. হজম শক্তিশালী করে
ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডালিম হজমের সমস্যা দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে শরীর থাকবে আরও সুস্থ ও সতেজ

আরো