Thursday, 25 June, 2026, 7:00 pm

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রোর অঙ্গীকার

সেন্ট্রো (Centro) তাদের সামাজিক উন্নয়নমূলক প্ল্যাটফর্ম ‘আলোকানন্দ ফাউন্ডেশন’-এর মাধ্যমে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সাথে ২০২৬ সালের অংশীদারিত্ব নবায়ন করেছে। এর মাধ্যমে শিশু কল্যাণে তাদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল প্রতিষ্ঠানটি।

এই ধারাবাহিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ২৫ জুন, ২০২৬ তারিখে সেন্ট্রোর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রোর চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব নিকোলাস অ্যান্টন, আলোকানন্দ ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি জনাব দেওয়ান সাজ্জাদুল করিম এবং এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক।

২০২০ সালে শুরু হওয়া এই অংশীদারিত্ব বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও বিকাশে পরিকল্পিত সামাজিক উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে সেন্ট্রোর ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

২০২০ সাল থেকে সেন্ট্রো এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সরাসরি তত্ত্বাবধানে থাকা ১০টি শিশুকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং তাদের লালন-পালন, শিক্ষা ও সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এই অঙ্গীকারের ধারাবাহিকতায়, ২০২৩ সালে সেন্ট্রো এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ পরিচালিত ১০টি প্রারম্ভিক শৈশব উন্নয়ন (ইসিডি) কেন্দ্রে তাদের সহায়তা সম্প্রসারিত করে। এই সহায়তার মাধ্যমে ইতিমধ্যে ৭৫০-এরও বেশি সুবিধাবঞ্চিত শিশু প্রারম্ভিক শিক্ষা, যত্ন এবং স্নেহপূর্ণ পরিবেশের সুফল পেয়েছে, যা তাদের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলতে সহায়তা করছে।

২০২৬ সালের জন্য নবায়ন করা এই অংশীদারিত্বের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও বেশি শিশু মানসম্মত প্রারম্ভিক শৈশব বিকাশের সুযোগ এবং পরিবারসদৃশ একটি নিরাপদ ও সহায়ক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, “সেন্ট্রোর অবিচল সহযোগিতা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শত শত শিশুকে মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষা এবং একটি সুন্দর শৈশব উপহার দিয়েছে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তাদের এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও প্রতিশ্রুতিকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি।”

সেন্ট্রোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সেন্ট্রো, আলোকানন্দ ফাউন্ডেশন এবং এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনার অভিন্ন লক্ষ্য ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরো