সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

সফল খামার শুরু করার আগে জানুন কিছু বাস্তব কথা

মো. স্বপন ইসলাম

বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বর্তমানে খামার ব্যবসার প্রতি আগ্রহ বাড়ছে। অনেকে প্রবাস জীবন বা চাকরির পাশাপাশি নিজ এলাকায় কৃষি ও গবাদিপশু পালনে যুক্ত হচ্ছেন। তবে অনেক সময় শুরুতেই অতিরিক্ত বিনিয়োগ বা ভুল পরিকল্পনার কারণে অনেকেই ক্ষতির মুখে পড়েন। সফল খামার গড়তে হলে কিছু বাস্তব বিষয় জানা জরুরি।

প্রথমেই মানসিক প্রস্তুতি নিতে হবে—আপনি যেখানেই থাকুন না কেন, খামার বা কৃষি ব্যবসায় যুক্ত হতে চাইলে এখনই সময়। এই খাত শুধুমাত্র আয় নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান তৈরিতেও বড় ভূমিকা রাখে।

শুরুর দিকে বড় বিনিয়োগ করা প্রয়োজন নেই। টিনের ছাউনি বা পুরোনো ঘর দিয়েই শুরু করা যায়। গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা অর্জন। অনেকেই ভালো জাতের দামি গরু কেনার দিকে ঝোঁকেন, যা নতুনদের জন্য ঝুঁকিপূর্ণ। বরং ছোট দেশি বাছুর বা বকনা দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ—এতে খরচ কম, ঝুঁকি কম, অভিজ্ঞতা বেশি হয়।

যারা মোটাতাজাকরণে আগ্রহী, তারা ছোট দেশি বাছুর কিনে পুষ্টিকর খাবার দিয়ে নির্দিষ্ট সময়ে বিক্রি করতে পারেন। আবার কেউ যদি গাভী পালন করতে চান, তবে ফ্রিজিয়ান বা দেশি-ফ্রিজিয়ান জাতের বকনা নেওয়া ভালো, যেগুলো দ্রুত হিটে আসে এবং দুধ উৎপাদন শুরু করে।

প্রথম দুই-তিন বছরকে ধরুন শেখার সময়। এই সময়েই গরুর যত্ন, খাবার, রোগব্যাধি, চিকিৎসা, ও বাজারব্যবস্থা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। প্রথম দিকের লাভ দিয়ে নতুন গরু কেনা বা খামার উন্নয়নে বিনিয়োগ করুন। ধীরে ধীরে খামারটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নেবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। খামার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অল্প সময়ে বড় কিছু আশা করা ঠিক নয়। পরিশ্রম, ভালোবাসা ও অধ্যবসায়ের মাধ্যমে একদিনই সফলতা আসবে।

খামার মানে শুধু গরু বা পশু পালন নয়; এটি একটি অনুভব, একটি অধ্যবসায়, একটি ভবিষ্যতের বিনিয়োগ। তাই শুরু করুন ছোটভাবে, কিন্তু ভাবুন বড়ভাবে। আজই হতে পারেন আগামী দিনের সফল খামারি।

লেখক: মো. স্বপন ইসলাম
(পুলিশ সদস্য ও কৃষি উদ্যোক্তা)

আরো