নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সের ‘আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ – ফল ২০২৫’ অনুষ্ঠিত
বিডি মেইল ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ১২ নভেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ – ফল ২০২৫ আয়োজিত হয়েছে।
গবেষণা ও উপস্থাপনা ভিত্তিক এই আয়োজনের সেশন চেয়ার ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানটির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি এবং আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান ড. নাজিয়া মনজুর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের সিনিয়র লেকচারার মোহাম্মদ আসিফুল বাসার ।
মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণার মৌলিকতা বজায় রেখে ধারাবাহিকভাবে একাডেমিক চর্চা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থাপিত গবেষণাগুলোর পদ্ধতিগত দিক ও গবেষণার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যৎ একাডেমিক প্রকাশনার ওপর গুরুত্বারোপ করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, গবেষক এবং গবেষণা ও প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী। তারা হলেন আইন বিভাগের শিক্ষার্থী বশিরুল ইসলাম বিহঙ্গ, ইংরেজি এবং আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সাচি, এবং গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থী তানজীম বিনতে পারভেজ। বশিরুল ইসলাম বিহঙ্গ উপস্থাপন করেন “রক্ষা নাকি দায়মুক্তি: রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বিষয়ে উদীয়মান প্রথাগত আন্তর্জাতিক আইনের কাঠামো” বিষয়ে তার গবেষণাপত্র। মিফতাহুল জান্নাত সাচির উপস্থাপনার বিষয় ছিল “আন্না কারেনিনা: বিদ্রোহ, মুখোশ ও উন্মাদনা”। তানজীম বিনতে পারভেজ উপস্থাপন করেন তার বিশ্লেষণধর্মী গবেষণাপত্র “জেনজির রাজনৈতিক জাগরণ: সামাজিক মাধ্যমের প্রভাব ও চিন্তার বিকাশ”।
উপস্থাপনা পর্ব শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারীরা গবেষণাপত্রগুলোর ওপর মতামত প্রদান ও প্রশ্ন উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে একটি প্রাণবন্ত ও প্রণোদনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।
প্রধান আলোচক ড. নাজিয়া মনজুর উপস্থাপকদের অভিনব গবেষণা প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি তিনজন উপস্থাপকের গবেষণাপত্রের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন এবং প্রতিটি গবেষণার বিষয়ে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সেশন চেয়ারের সমাপনী বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরণের আয়োজনে তাদের পেশাগত ও একাডেমিক বিকাশের সম্ভাবনা তুলে ধরেন।
পরিশেষে, অংশগ্রহণকারী উপস্থাপকদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের কাছে কৃতজ্ঞতা সনদ প্রদান করা হয়।